বাজারে সিন্ডিকেট ঠেকাতে এআইভিত্তিক নজরদারির উদ্যোগ সরকারের

নিজস্ব প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর আগারগাঁওয়ে টিসিবির ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি জানিয়েছেন, নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট ও কারসাজি নিয়ন্ত্রণে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।

সোমবার (১১ মে) ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি থেকে খুচরা বিক্রি পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থাকে এআইভিত্তিক নজরদারির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বাজার পরিস্থিতি ও পণ্যের সরবরাহ নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, নির্বাচিত কিছু পণ্যের জন্য কৌশলগত মজুত বা ‘স্ট্র্যাটেজিক রিজার্ভ’ গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে, যাতে বাজারে সরকারের কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করা যায়।

মন্ত্রী জানান, গত বছরের কোরবানির ঈদে প্রায় ১০ হাজার ৯০০ টন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছিল। এবার সেই পরিমাণ বাড়িয়ে প্রায় ১৪ হাজার টনে উন্নীত করা হচ্ছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।

তিনি বলেন, বিশেষ উৎসব বা প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও টিসিবির ট্রাকসেল কার্যক্রম চালু রাখা হবে। পাশাপাশি ভর্তুকিমূল্যে খাদ্যপণ্য সরবরাহ অব্যাহত থাকবে।

উপকারভোগীদের তালিকা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী জানান, আগের তালিকা পর্যালোচনায় প্রায় ৫৯ লাখ ভুয়া বা প্রশ্নবিদ্ধ নাম পাওয়া গেছে। পরে নতুন ও স্বচ্ছ প্রক্রিয়ায় তালিকা হালনাগাদ করে বর্তমানে ৮০ লাখ মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে আরও ২০ লাখ মানুষকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য হলো নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বল্পমূল্যে প্রয়োজনীয় খাদ্যপণ্য পৌঁছে দেওয়া। এ উদ্দেশ্যে টিসিবির মাধ্যমে সারা দেশে নিয়মিতভাবে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top