১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

গোপনে ছবি ধারণের অভিযোগে এক যুবককে আটক

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রীদের গোপনে ছবি ধারণের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম আবু খারিয়া তোফায়েল। তিনি নেত্রকোণা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক নারী শিক্ষার্থীর ছবি সন্দেহজনকভাবে মোবাইলে ধারণ করার সময় তাকে আটক করা হয়। পরে শিক্ষার্থীরা তাকে প্রক্টর অফিসে নিয়ে যান। সেখানে নেওয়ার পর তিনি নিজের মোবাইল ফোন ভেঙে আলামত নষ্টের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এছাড়া তার কাছে মাদকদ্রব্য পাওয়া গেছে বলেও দাবি করেন শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার শিকার ওই শিক্ষার্থী বলেন, জিমনেসিয়াম থেকে খেলা দেখে ফেরার পথে এক শিক্ষার্থী তাদের সতর্ক করেন যে ওই ব্যক্তি ছবি তুলতে পারেন। পরে তার মোবাইল ফোন দেখতে চাইলে সেখানে তারসহ একই স্থানে থাকা কয়েকজন মেয়ের একাধিক ছবি পাওয়া যায়। এরপর তাকে আটক করে প্রক্টর অফিসে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, ‘শিক্ষার্থীদের মাধ্যমে আমরা এ ঘটনা জানতে পারি। মোবাইলটি ভেঙে ফেলায় আলামত যাচাই করা যায়নি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর মো. রহমত উল্লাহ বলেন, ‘আমরা তাকে আটক করেছি। কোতোয়ালি থানায় নেওয়ার পর মামলার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ জন্য একজন বাদী প্রয়োজন হবে। মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা আদালতের মাধ্যমে নেওয়া হবে।’

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top