পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তে ৪৫ দিনের মধ্যে কাঁটাতারের বেড়ার জন্য জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার

নিজস্ব প্রতিনিধি:

ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের যেসব এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নির্মাণ হয়নি, সেখানে দ্রুত বেড়া দেওয়ার লক্ষ্যে বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের নতুন সরকার। এ প্রক্রিয়া আগামী ৪৫ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, সীমান্ত সুরক্ষা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তিনি দাবি করেন, সীমান্তবর্তী অঞ্চলে জনসংখ্যার বিন্যাস পরিবর্তনের আশঙ্কা রয়েছে, যা পশ্চিমবঙ্গের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হতে পারে।

তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফকে প্রয়োজনীয় জমি দ্রুত বুঝিয়ে দিতে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই জমি হস্তান্তর সম্পন্ন করতে হবে।

ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের মোট সীমান্ত প্রায় ২ হাজার ২১৬ কিলোমিটার। এর মধ্যে প্রায় ১ হাজার ৬৫৩ কিলোমিটারে কাঁটাতারের বেড়া নির্মাণ শেষ হয়েছে। তবে এখনও প্রায় ৫৬৩ কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণ বাকি রয়েছে।

এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছিলেন, আগের রাজ্য সরকার সীমান্তে অনুপ্রবেশ রোধে প্রয়োজনীয় সহযোগিতা করেনি। নির্বাচনী প্রচারণার সময়ও বিজেপি নেতারা দাবি করেছিলেন, সীমান্ত সুরক্ষার জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরে বিলম্ব করা হয়েছে।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে বলে আসছিল, সীমান্ত নিরাপত্তা কেন্দ্রীয় সরকারের বিষয় এবং এ নিয়ে রাজ্য সরকারের ভূমিকা সীমিত।

সাম্প্রতিক সময়ে সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ এবং নাগরিক তালিকা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিজেপির কয়েকজন নেতা দাবি করেছেন, নাগরিক যাচাই প্রক্রিয়ায় বাদ পড়া বহু মানুষ বাংলাদেশি অনুপ্রবেশকারী হতে পারেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top