১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে জামায়াতের ত্রৈমাসিক সম্মেলন অনুষ্ঠিত

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার উদ্যোগে সদর উপজেলার ত্রৈমাসিক সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় শহরের আল-হেলাল একাডেমিতে আয়োজিত এ সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, রুকনদের মানোন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে দাওয়াতি কাজ সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার। তিনি সদর উপজেলা শাখার বিগত তিন মাসের সাংগঠনিক রিপোর্ট পর্যালোচনা করে বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং ঘাটতিগুলো চিহ্নিত করে তা পূরণের জন্য দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাংগঠনিক কার্যক্রমের গতি বৃদ্ধির পাশাপাশি একজন রুকনের ব্যক্তিগত আমল, নৈতিকতা ও আদর্শিক মান উন্নয়নে আপসহীন হতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীদের আচরণ ও জীবনযাপন সাধারণ মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে উঠতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জেলা জামায়াতের নায়েবে আমীর ডক্টর খায়রুল আনাম। তিনি রুকনদের ঈমান ও আকিদা সুদৃঢ় করার আহ্বান জানিয়ে বলেন, “একজন রুকনকে জামায়াতে নামাজ আদায়, কোরআন-হাদিস অধ্যয়ন এবং ইসলামী আদর্শভিত্তিক জীবন গঠনের ক্ষেত্রে অনুসরণীয় ভূমিকা পালন করতে হবে।”

নীলফামারী সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু হানিফা শাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, উপজেলা সেক্রেটারি হামিদুল ইসলাম, জেলা অফিস সম্পাদক আব্দুল কাদিম, উপজেলা নায়েবে আমীর মাওলানা ক্বারি আব্দুল আজিজ ও মোস্তাফিজুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোকাররম হোসেন সাঈদী এবং উপজেলা সহকারী সেক্রেটারি আহমদ রায়হান।

সম্মেলনে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের রুকনরা অংশগ্রহণ করেন। দীর্ঘ আলোচনায় সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা, ব্যক্তিগত রিপোর্টের মান উন্নয়ন, বাইতুলমাল বৃদ্ধির উদ্যোগ গ্রহণ, নিয়মিত জামায়াতে নামাজ আদায় এবং ইসলামি সাহিত্য পাঠের মাধ্যমে জ্ঞানচর্চা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এসময় উপজেলা সেক্রেটারি হামিদুল ইসলাম গত তিন মাসের সাংগঠনিক কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি সংগঠনের সাফল্য, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ত্রুটি-বিচ্যুতির জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন।
সম্মেলনে তৃণমূল পর্যায়ে দাওয়াতি কাজ আরও সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্তরের দায়িত্বশীলদের করণীয় নির্ধারণ করা হয়।

শেষে সভাপতি মাওলানা আবু হানিফা শাহ দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনার মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top