২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি

জুলাই-আগস্টের মধ্যে নতুন গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠনের ঘোষণা

নিজস্ব প্রতিনিধি:

সাংবাদিক, মালিক এবং সংবাদপত্র কর্মচারীদের স্বার্থ রক্ষায় আগামী জুলাই-আগস্টের মধ্যে নতুন ও সময়োপযোগী গণমাধ্যম নীতিমালা এবং একটি কমিশন গঠনের পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অপসাংবাদিকতা ও এর মাধ্যমে সৃষ্ট নৈরাজ্যের ঘটনাগুলোকে আইনি কাঠামোর আওতায় এনে বিচার করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার তথ্য অধিদফতরে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানান। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের সময়মতো বেতন নিশ্চিত করা এবং অপেশাদার আচরণ থেকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব যেমন সরকারের, তেমনি গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকদের জন্যও একটি সহায়ক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যেই সাংবাদিক ও মালিকপক্ষের বিভিন্ন বিরোধ নিষ্পত্তির জন্য সুসংগঠিত আইনি কাঠামো তৈরির কাজ চলছে।

তিনি জানান, সম্পাদক পরিষদের আলোচনায় মিথ্যা মামলা ছাড়াও অপসাংবাদিকতার মাধ্যমে দেশে বিশৃঙ্খলা তৈরির বিষয়টিও গুরুত্ব পেয়েছে। বর্তমানে প্রচলিত আইনে এসব কর্মকাণ্ড মোকাবিলায় স্পষ্ট বিধান না থাকায় নতুন কমিশনের মাধ্যমে সেই সীমাবদ্ধতা দূর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এছাড়া ব্রিফিংয়ে পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস আমদানিতে সরকারের নতুন উদ্যোগের কথাও তুলে ধরা হয়। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শুল্কমুক্ত সুবিধায় ইলেকট্রিক বাস আমদানির পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়। সরকারের মতে, এতে যানজট ও পরিবেশ দূষণ কমাতে ইতিবাচক প্রভাব পড়বে।

মন্ত্রী আরও বলেন, অতীতে গণমাধ্যম ব্যবহারের মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধ ও বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়গুলোও ভবিষ্যতে আইনি কাঠামোর আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top