নিজস্ব প্রতিনিধি:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আগের কাঠামোতে থাকছে না এবং বাহিনীর নাম পরিবর্তনের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, র্যাব নিয়ে সরকারের নতুন পরিকল্পনা রয়েছে এবং এর জন্য একটি নতুন আইন প্রণয়নের কাজ চলছে।
তিনি জানান, র্যাবের বর্তমান কাঠামোতে পরিবর্তন আনার বিষয়টি ইতোমধ্যে আলোচনায় এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রীও এ বিষয়ে নতুন আইনের ঘোষণা দিয়েছেন। জাহেদ উর রহমান বলেন, র্যাবের নাম পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে, যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
র্যাব বিলুপ্তির দাবি প্রসঙ্গে তিনি বলেন, আগের রূপে এই বাহিনী আর থাকছে না। তবে রাষ্ট্র পরিচালনায় একটি বিশেষায়িত বা এলিট ফোর্সের প্রয়োজনীয়তা রয়েছে। সেটি র্যাব নামেই হোক বা অন্য কোনো নামে—একটি স্পষ্ট আইনি কাঠামোর মধ্যে পরিচালিত হবে।
এর আগে মানবাধিকার লঙ্ঘন, গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক মহল থেকে র্যাব বিলুপ্তির দাবি উঠেছিল। বিএনপিও ২০২৪ সালে এ বাহিনী বিলুপ্তির দাবি জানিয়েছিল।
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন, মানবাধিকার ও পেশাদারিত্বকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক এলিট ফোর্স গঠনে সরকার কাজ করছে।
সংবাদ সম্মেলনে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন।