লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। বহুল আলোচিত এ মামলায় চারজনকে মৃত্যুদণ্ড, পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং চারজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী দীর্ঘ শুনানি, সাক্ষ্যপ্রমাণ ও আলামত পর্যালোচনা শেষে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— জালাল উদ্দিন ওরফে বাবুল, হেলাল উদ্দিন, মোহাম্মদ আরিফ উল্লাহ ও আনোয়ার হাকিম। এছাড়া জিয়াবুল করিম, ইসমাইল হোসেন, নুরুল আমিন, নাছির উদ্দিন ও আব্দুল করিমকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আরও চারজন— মোহাম্মদ সাদেক, আনোয়ারুল ইসলাম, মোরশেদ আলম ও শাহ আলমকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, মামলার পাঁচ আসামি— আবু হানিফ, এনামুল হক ওরফে তোতলা এনাম, মো. এনাম, কামাল ওরফে ভেন্ডি কামাল ও মিনহাজ উদ্দিনকে অভিযোগ থেকে খালাস দিয়েছেন আদালত।

রায় ঘোষণার পর আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয় এবং দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতেই আদালত এই রায় দিয়েছেন। অন্যদিকে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিলের প্রস্তুতির কথা জানিয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর চকরিয়ার ডুলাহাজারা এলাকায় ডাকাতি প্রতিরোধ অভিযানে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরে হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top