২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি

সামিট গ্রুপে সজীব ওয়াজেদ জয়ের অংশীদারিত্বের দাবি

নিজস্ব প্রতিনিধি:

সামিট গ্রুপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ব্যবসায়িক অংশীদারিত্ব রয়েছে বলে দাবি করেছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

পোস্টের সঙ্গে তিনি সজীব ওয়াজেদ জয় ও তার সাবেক স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের বিবাহবিচ্ছেদ সংক্রান্ত একটি সেটেলমেন্ট চুক্তির কিছু অংশ প্রকাশ করেন। প্রকাশিত নথিতে সামিট কমিউনিকেশনে জয়ের মালিকানার উল্লেখ রয়েছে বলে দাবি করা হয়।

পোস্টে বলা হয়, আদালতে জমা দেওয়া চুক্তি অনুযায়ী সজীব ওয়াজেদ জয় তার সাবেক স্ত্রীকে এককালীন ১০ লাখ মার্কিন ডলার প্রদান করবেন। পাশাপাশি ২০২৪ সাল থেকে ২০৩৪ সাল পর্যন্ত প্রতি মাসে ২০ হাজার মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে। হিসাব অনুযায়ী, ১০ বছরে এ অর্থের পরিমাণ দাঁড়াবে ২৪ লাখ ডলার। এছাড়া ২০২৫ সালের ১ জুনের মধ্যে অতিরিক্ত ১০ লাখ ডলার পরিশোধের কথাও উল্লেখ রয়েছে বলে দাবি করা হয়েছে।

জুলকারনাইন সায়ের তার পোস্টে বলেন, শেখ হাসিনার শাসনামলে সুবিধাপ্রাপ্ত শিল্পগোষ্ঠীগুলোর মধ্যে সামিট গ্রুপ অন্যতম ছিল। সেই প্রতিষ্ঠানের সঙ্গে প্রধানমন্ত্রীর ছেলের সম্ভাব্য ব্যবসায়িক সম্পর্ক থাকলে তা স্বার্থের সংঘাতের প্রশ্ন তুলতে পারে। পাশাপাশি তিনি জয়ের সম্পদের উৎস নিয়েও প্রশ্ন তোলেন।

তিনি আরও দাবি করেন, তার হাতে থাকা পূর্ণাঙ্গ নথিতে আরও অনেক তথ্য রয়েছে, যা ভবিষ্যতে প্রকাশ করা হতে পারে।

তবে এ বিষয়ে সজীব ওয়াজেদ জয় বা সামিট গ্রুপের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top