নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক ও দক্ষ জনশক্তি তৈরির একটি প্ল্যাটফর্মে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ধাপে ধাপে আনসার-ভিডিপিকে ‘হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে’ পরিণত করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
বুধবার (২০ মে) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, বাহিনীটি শুধু প্রচলিত নিরাপত্তা কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, বরং সদস্যদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও কাজ করছে। ‘সঞ্জীবন প্রকল্প’-এর মাধ্যমে গ্রামীণ উদ্যোক্তা তৈরি, ব্যাংক ও ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে জামানতবিহীন ঋণ সুবিধা এবং নতুন কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘এভিজবস’ সফটওয়্যার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক চাকরির সুযোগ তৈরির চেষ্টা চলছে। পাশাপাশি আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের পথও উন্মুক্ত করা হচ্ছে।
জাপানি ভাষা শিক্ষা, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এবং সিক্স-জি ওয়েল্ডিংয়ের মতো আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের নতুন দক্ষতায় গড়ে তোলার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
তারেক রহমান বলেন, ভবিষ্যতে আনসার-ভিডিপি একটি প্রযুক্তিনির্ভর, মানবিক ও আধুনিক সামাজিক বাহিনী হিসেবে গড়ে উঠবে। এজন্য বাহিনীর মধ্যে শৃঙ্খলা ও ‘চেইন অব কমান্ড’ বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী জানান, প্রায় ৪০ হাজার রাইফেল নিয়ে আনসার সদস্যরা যুদ্ধে অংশ নেন এবং ৬৭০ জন সদস্য শহীদ হন।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও আনসারকে একীভূত করার উদ্যোগ এবং পরবর্তীতে খালেদা জিয়া সরকারের সময় প্রণীত আইন বাহিনীটির প্রাতিষ্ঠানিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গণঅভ্যুত্থান-পরবর্তী সময়েও থানার নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপি কার্যকর ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন তিনি।
বর্তমানে বাহিনীর বিভিন্ন ইউনিট দেশের নিরাপত্তা, পাহাড়ি অঞ্চলে সম্প্রীতি রক্ষা, সামাজিক সচেতনতা, নারী নির্যাতন প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম ও দুর্যোগ ব্যবস্থাপনায় সক্রিয় রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আনসার-ভিডিপি ইতোমধ্যে ক্রীড়াক্ষেত্রেও সফলতা অর্জন করেছে এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে আনসার-ভিডিপি ভবিষ্যতে আরও কার্যকর ও গতিশীল বাহিনী হিসেবে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।