২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় জামায়াত নেতা কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, থানা ঘেরাও ও বিক্ষোভ

খালিদ হোসেন হৃদয়, ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় খানমরিচ ইউনিয়নের পূর্ব বিরোধের জেরে ধারালো অস্ত্রধারীদের হামলায় জামায়াতের এক নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার দাশমরিচ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জিল্লুর রহমান (৫০) দাশমরিচ গ্রামের বাসিন্দা, খানমরিচ ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি ও পেশায় একজন শিক্ষক। অভিযুক্তদের মধ্যে আব্দুর রহমান (২৫), স্বপনসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। স্থানীয় জামায়াত নেতাদের দাবি তারা বিএনপির সাথে জরিত, অভিযুক্ত আব্দুর রহমান স্থানীয় আওয়ামী লীগ কর্মী বলে জানা যায় । স্থানীয় জনগণ ও বিএনপির নেতাকর্মীদের কাছে জানা যায় তারা দীর্ঘদিন আমি লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল ।

খানমরিচ ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আবুল কালাম জানান, সকালে জিল্লুর রহমানকে উদ্দেশ করে আব্দুর রহমান কটূক্তি করলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জিল্লুর রহমানের সঙ্গে থাকা একজন আব্দুর রহমানকে চড় মারেন। এর জের ধরে দুপুরে ৮ থেকে ১০ জনের একটি দল জিল্লুর রহমানের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার মাকে মারধর করে বলে অভিযোগ ওঠে। পরে তারা জিল্লুর রহমানকে খুঁজতে তার শিক্ষা প্রতিষ্ঠানেও যায়।

অভিযোগ অনুযায়ী, রাত ৮টার দিকে রাস্তায় পেয়ে জিল্লুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গুড়া সরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। স্বজনরা জানিয়েছেন, তাকে আইসিইউ সাপোর্টে নেওয়ার প্রস্তুতি চলছিল।

ঘটনার পর পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের জামায়াতের সংসদ সদস্য আলী আজগর দলীয় নেতাকর্মীদের নিয়ে ভাঙ্গুড়া থানা চত্বরে বিক্ষোভ করেন। বিক্ষোভে তিনি বলেন, “আমার নেতা রক্তাক্ত কেন, প্রশাসন জবাব চাই।”

অন্যদিকে, খানমরিচ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেন দাবি করেন, অভিযুক্ত আব্দুর রহমান বিএনপি বা ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি বলেন, কয়েকদিন আগে স্থানীয় এক জামায়াতকর্মীকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি ঘটনার জেরে এই সংঘর্ষের সূত্রপাত।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, এখন পর্যন্ত আহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ ঘটনার বিষয়ে অবগত রয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। রাত ২টা পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top