২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

উজিরপুর পৌরসভার ১নং ওয়ার্ডকে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার প্রত্যয়: কাউন্সিলর প্রার্থী রাসেল আহমেদ

এম,এম,রহমান,উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশাল জেলার উজিরপুর পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম রাসেল একটি নিরাপদ, পরিচ্ছন্ন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ওয়ার্ড গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, “নির্বাচিত হতে পারলে ১নং ওয়ার্ডকে একটি আদর্শ ও মডেল ওয়ার্ডে রূপান্তর করা হবে, যেখানে সাধারণ মানুষ নিরাপদে ও স্বস্তিতে বসবাস করতে পারবে।”
সম্প্রতি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে রাসেল আহমেদ বলেন, উজিরপুর পৌরসভার গুরুত্বপূর্ণ ১নং ওয়ার্ডে অবস্থিত রয়েছে ঐতিহ্যবাহী উজিরপুর সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। কিন্তু দীর্ঘদিনেও এ ওয়ার্ডে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেন তিনি। বরং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও প্রভাবশালী মহলের দৌরাত্ম্যে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, “একটি শ্রেণি ওয়ার্ডটিকে নিজেদের স্বার্থ হাসিলের ক্ষেত্র বানিয়েছে। মাদক ব্যবসা, ভাড়াটিয়া চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। জনগণ পরিবর্তন চায়, শান্তি চায়, নিরাপদ পরিবেশ চায়।”
রাসেল আহমেদ আরও বলেন, “আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, জনগণের সমর্থন ও ভোটে নির্বাচিত হতে পারলে ১নং ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি পরিচ্ছন্ন ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তোলা হবে। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ কিংবা ভয়ভীতি প্রদর্শনকারীদের প্রশ্রয় দেওয়া হবে না।”
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমান বাস্তবতায় জনগণের ভোট ছাড়া জনপ্রতিনিধি হওয়ার সুযোগ নেই। তাই ভয়ভীতি, পেশিশক্তি বা অবৈধ প্রভাব নয়—জনগণের ভালোবাসা ও আস্থা নিয়েই প্রার্থীদের মাঠে থাকা উচিত।”
তিনি সকল প্রার্থীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “গণতন্ত্রে জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণকে ভয় দেখিয়ে, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা চাঁদাবাজির মাধ্যমে কখনো প্রকৃত জনপ্রতিনিধি হওয়া যায় না। জনগণের পাশে থেকে তাদের আস্থা অর্জনের মাধ্যমেই নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, নির্বাচনের আগে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা দেবে। তবে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন তারা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top