দুর্নীতিবাজদের কাউকে ছাড় দেওয়া হবে না: ড. সাইমুম পারভেজ

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

শিবগঞ্জে খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেছেন, যারা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের দুর্নীতির বিষয়গুলো ধীরে ধীরে সামনে আনা হবে এবং ইন্টারিম সরকার ও আগের সরকারের সময়কার কর্মকাণ্ডও বিচারের আওতায় আনা হবে।

শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বিল ধাঞ্জিয়া খাল থেকে ভোইশগাড়া খাল পর্যন্ত পুনঃখনন কাজের উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. সাইমুম পারভেজ বলেন, সেচব্যবস্থা উন্নয়ন ও নতুন পানির উৎস তৈরির বিষয়ে সরকার কাজ করছে, যাতে মানুষের দুর্ভোগ কমে। বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করতে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কাজ শুরু হয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগও নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, খাল পুনঃখননের আওতায় ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে। পাশাপাশি দেশের নদীগুলো পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যে খাল খননের কাজ শুরু হয়েছে এবং আরও নতুন খাল খনন করা হবে। এছাড়া পদ্মা ব্যারেজ প্রকল্প ও তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে নদীর পানিপ্রবাহ সচল রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সৌরবিদ্যুৎ প্যানেলের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, সদস্যসচিব তোসিকুল আলম, পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম এবং পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাসারসহ অন্যরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top