মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযানে হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (২৪ মে ২০২৬) সকাল ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ফকিরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের কর্মকর্তারা।
আটক ব্যক্তি হলেন মোঃ আশিকুর রহমান ওরফে আজম (৪০)। তিনি ফকিরপাড়া এলাকার মৃত আমজাদ হোসেন ও মৃত রাবেয়া বেগমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আশিকুর রহমানের কাছ থেকে ০.৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান প্রসিকিউশন দাখিল করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জাহিদ হাসান। আদালত আটক আসামিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে তারা জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের ডিডি চৌধুরী ইমরুল হাসান।