নিজস্ব প্রতিনিধি:
সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এর আগে বুধবার আইনজীবী শিশির মনির জানান, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। তিনি অভিযোগ করেন, মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগেই সচিবালয় বিলুপ্ত করায় আদালত বিস্ময় প্রকাশ করেছে। পাশাপাশি তিনি দাবি করেন, চূড়ান্ত সিদ্ধান্তের আগে সচিবালয়ের কার্যক্রম বন্ধ করে সরকার আদালত অবমাননার মতো পরিস্থিতি সৃষ্টি করেছে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের সাতজন আইনজীবীর করা এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বছরের ২ সেপ্টেম্বর রায় দেন। ওই রায়ে সংবিধানের বর্তমান ১১৬ অনুচ্ছেদকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে ১৯৭২ সালের মূল সংবিধানের বিধান পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়।
একইসঙ্গে তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য একটি স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশও দেওয়া হয়েছিল। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার উদ্যোগ নেয়। তবে পরে বিএনপি সরকার সেই অধ্যাদেশ বাতিল করে।
গত ১৯ মে প্রকাশিত এক প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা করা হয়। এর ফলে নতুন গঠিত সচিবালয়ের সিনিয়র সচিবসহ মোট ১৫ কর্মকর্তাকে পুনরায় আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়া হয়েছে।