মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলাতে ৯০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। মঙ্গলবার (১৯ মে) দুপুরে গোদাগাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মহিষালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ সাগর (২৪) ও মোঃ রাজু আলী (২৫)। তারা উভয়েই গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ এলাকার বাসিন্দা।

র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, র্যাব-৫ এর একটি আভিযানিক দল মহিষালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের পাশে অভিযান পরিচালনা করে। এ সময় জাহাঙ্গীর আলমের চায়ের দোকানের পাশে অবস্থানরত দুইজনকে আটক করা হয়।
পরে আটক সাগরের হেফাজত থেকে একটি স্বচ্ছ পলিথিনে রাখা ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়াও মাদক কারবারে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটক আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানা-এ হস্তান্তর করা হয়েছে।