বাংলাদেশি পাসপোর্টে ফিরছে ‘ইসরাইল ব্যতীত’ শব্দ

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হতে যাচ্ছে ‘ইসরাইল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ। আওয়ামী লীগ সরকারের সময় বাদ দেওয়া এই লেখাটি পুনর্বহালের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাংলাদেশের ঐতিহ্যগত পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুর প্রতি সমর্থনের বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ৭ এপ্রিল অন্তর্বর্তী সরকারের সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্ট অধিদপ্তরকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছিল। তবে সে সময় সীমিত পরিসরে কেবল কূটনৈতিক পাসপোর্টে বিষয়টি কার্যকর করার আলোচনা হয়। এবার সব ধরনের পাসপোর্টে এটি বাধ্যতামূলকভাবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পাসপোর্ট ব্যবস্থায় কিছু পরিবর্তনের উদ্যোগ শুরু হয়। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সংশ্লিষ্ট সূত্র বলছে, বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদন পেয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে ই-পাসপোর্ট চালুর সময় ‘ইসরাইল ব্যতীত’ শব্দবন্ধটি বাদ দেওয়া হয়েছিল। এর আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত— “এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরাইল ছাড়া।” পরে এটি বাদ পড়ায় বিভিন্ন মহল থেকে পুনর্বহালের দাবি ওঠে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে নতুন মুদ্রিত পাসপোর্টে এই পরিবর্তন আনা হবে। তবে বর্তমান পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো পরিবর্তন বা জটিলতা তৈরি হবে না। মেয়াদ শেষে নবায়নের সময় তারা নতুন সংস্করণের পাসপোর্ট পাবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top