জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) উপজেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাজরে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখার দায়ে দুইটি ফার্মেসির মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ মে) সন্ধায় উপজেলার সীমান্তঘেষা মহিষখলা বাজারে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে আফতাব মেডিকেল হল ও করিম মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আফতাব মেডিকেল হল ও করিম মেডিকেল হল দুটির মালিকদের নগদ ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের ঔষধের মেয়াদ নিয়মিত যাচাই, মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুত অপসারণ এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো ঔষধ বিক্রি না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
মধ্যনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ করে ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।