৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি:

অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১ জুন) ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, গোলাম কিবরিয়া ডিএসসিসির অঞ্চল-৭-এর নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) এবং মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ডিএসসিসির বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে মার্কেটের দোকান বরাদ্দ ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে উত্থাপিত অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

অভিযোগগুলোর মধ্যে অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিষয় রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, অভিযোগগুলোর পূর্ণাঙ্গ তদন্ত এবং বিভাগীয় কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাকে দায়িত্বে বহাল রাখা সমীচীন নয়। তাই তদন্তের স্বার্থে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব ধরনের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

বরখাস্তকালীন সময়ে গোলাম কিবরিয়াকে ডিএসসিসির সচিব দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে জারি করা আদেশের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্থানীয় সরকার বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top