মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ অর্থ ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জেলার মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার (১ জুন) রাতে পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী সদর থানাধীন গাছবাড়ি বাসস্ট্যান্ড থেকে পুলিশ লাইন্সগামী মহাসড়কের পশ্চিম পাশে সরকারি সার গুদাম সংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমান।
অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে বন বিভাগ টুপামারী এলাকার বাসিন্দা মোঃ সুমন ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই তার দেহ তল্লাশি করে ১০১ পিস লালচে-কমলা রঙের অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকা এবং মাদক কারবারে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের তথ্যমতে, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার ৩০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সুমন ইসলাম নিজেকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত অভিযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৪, তারিখ-০২ জুন ২০২৬ এবং জিআর নং-২০৮/২০২৬ হিসেবে রুজু শেষে মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে নীলফামারী জেলা পুলিশ “জিরো টলারেন্স” নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।