মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মক্তব পড়তে গিয়ে ৯ বছর বয়সি এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে আব্দুর রশীদ লিমন শাহ (৩৬) নামে এক মক্তব শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) সকালে উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর বাহাগিলী মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত আব্দুর রশীদ লিমন শাহ স্থানীয় মুন্সিপাড়া জামে মসজিদের ইমাম ও মক্তব শিক্ষক। তিনি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার রামপুরা কুর্শা এলাকার জিকরুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও স্থানীয় শিশুরা মক্তবে পড়তে যায়। একপর্যায়ে মক্তব ছুটি হলে অন্য শিশুদের বাড়ি পাঠিয়ে দিয়ে ভুক্তভোগী শিশুটিকে কক্ষে রেখে দেন শিক্ষক লিমন শাহ। পরে তিনি শিশুটিকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
এসময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত শিক্ষককে আটক করেন। পরে স্থানীয়রা বিষয়টি কিশোরগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবকরা শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, “৯ বছর বয়সি এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।”
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।