নিজস্ব প্রতিনিধি:
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিইআরসি।
একই সঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৯ এপ্রিল ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে দাম করা হয় ১ হাজার ৭২৭ টাকা।
অর্থাৎ এপ্রিল মাসে দুই দফায় ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বৃদ্ধি পেয়েছিল। এবার সেই মূল্যবৃদ্ধির পর আংশিক স্বস্তি পেলেন ভোক্তারা।
নতুন নির্ধারিত মূল্য অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।