নিজস্ব প্রতিনিধি:
ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে তার পদ থেকে সরানো হচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন, কোনো আন্দোলনের কারণে নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত পরিবর্তনের প্রশ্নই আসে না।
সোমবার (১ জুন) ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে একদল ব্যক্তি ঢাকার মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
আন্দোলনের মুখেও নতুন চেয়ারম্যানকে বহাল রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “নিয়োগের সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। যদি কোনো আন্দোলনের কারণে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত পরিবর্তন করে, তাহলে ভবিষ্যতে বিপরীত দাবিতে অন্য কোনো পক্ষ আন্দোলন করলে কী করা হবে? বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব নীতিমালা অনুযায়ী চলবে এবং সিদ্ধান্ত নেবে।”
তিনি আরও বলেন, আন্দোলনের কারণে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই।
উল্লেখ্য, গত ২৪ মে রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এর আগে একই দিন ব্যাংকের কিছু গ্রাহক ও কর্মকর্তা পরিচয়ে একদল ব্যক্তির আন্দোলনের মুখে অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া চেয়ারম্যান এম জুবাইদুর রহমান পদত্যাগ করেন। একই সময়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকও দীর্ঘ ছুটিতে রয়েছেন।
এদিকে নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আন্দোলনরত গ্রাহকদের ওপর পুলিশের বলপ্রয়োগের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে সাধারণ গ্রাহকেরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। কিন্তু কোনো উসকানি ছাড়াই তাদের ওপর পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করেছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে আন্দোলনরত গ্রাহকদের দাবির প্রতি সমর্থনও ব্যক্ত করেন।
তবে ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।