মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)।
শনিবার বিকেল সাড়ে ৩টায় জেলার নাচোল উপজেলার বিএমডিএ কর্তৃক পুনঃখননকৃত তেঘরিয়া খালের দুই পাড়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমডিএ চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. আল মামুনুর রশীদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী, নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস, বিএমডিএ নাচোল জোনের সহকারী প্রকৌশলী মো. রেজাউল করিমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মো. আল মামুনুর রশীদ জানান, আসন্ন বর্ষা মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিএমডিএ’র উদ্যোগে প্রায় ১ লাখ ৭০ হাজার বৃক্ষ রোপণ করা হবে। এছাড়া সরকারের বৃহৎ সবুজায়ন কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে জেলায় প্রায় ২৭ লাখ বৃক্ষ রোপণের পরিকল্পনা রয়েছে।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যাপক বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় পরিকল্পিত বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের আনুষ্ঠানিক সূচনা হলো বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।