১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

নীলফামারী জেলা পুলিশে যুক্ত হচ্ছে আধুনিক ‘সাইবার সেল’, মিলবে ডিজিটাল অপরাধ প্রতিরোধে দ্রুত সেবা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

ডিজিটাল অপরাধ প্রতিরোধ, অনলাইন প্রতারণা দমন এবং সাধারণ মানুষের প্রযুক্তিনির্ভর নিরাপত্তা নিশ্চিত করতে নীলফামারী জেলা পুলিশের উদ্যোগে চালু হতে যাচ্ছে অত্যাধুনিক ‘সাইবার সেল, জেলা পুলিশ নীলফামারী’। জেলা পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁনের দূরদর্শী ও জনবান্ধব পরিকল্পনার অংশ হিসেবে গঠিত এই ইউনিট জেলার আইনশৃঙ্খলা রক্ষায় প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

বর্তমান সময়ে অনলাইন জালিয়াতি, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক অপরাধ, মোবাইল ব্যাংকিং প্রতারণা, সাইবার হয়রানি, পরিচয় চুরি ও ডিজিটাল ব্ল্যাকমেইলিংয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধ মোকাবিলায় বিশেষায়িত এই সাইবার সেল সরাসরি প্রযুক্তিগত ও আইনগত সহায়তা প্রদান করবে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নতুন এই ইউনিটের মাধ্যমে সাধারণ মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা দ্রুত ও সহজে গ্রহণ করতে পারবেন। হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে উন্নত ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করা হবে। একইসঙ্গে জটিল ও ‘ক্লু-লেস’ মামলার তদন্তে ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ, কল ডিটেইলস, সাইবার ট্র্যাকিং এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক অনুসন্ধানের মাধ্যমে অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার কার্যক্রম পরিচালিত হবে।

এছাড়া ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডি তৈরি, আইডি হ্যাকিং, ব্যক্তিগত ছবি বিকৃত করে প্রচার, অনলাইন ব্ল্যাকমেইলিং এবং নারীদের বিরুদ্ধে সাইবার সহিংসতার ঘটনায় ভুক্তভোগীদের তাৎক্ষণিক সহায়তা দেওয়া হবে। বিশেষ করে নারী ও শিশুদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে এই ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, নগদ, রকেট কিংবা বিভিন্ন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সংঘটিত আর্থিক প্রতারণা, অনলাইন জুয়া, ফিশিং ও সাইবার জালিয়াতির ঘটনায় দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার, ধর্মীয় উস্কানি, সামাজিক অস্থিরতা সৃষ্টি কিংবা রাষ্ট্রবিরোধী বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর মতো অপরাধ প্রতিরোধেও সাইবার সেল ২৪ ঘণ্টা নজরদারি কার্যক্রম পরিচালনা করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, আধুনিক প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদের সমন্বয়ে পরিচালিত এই সাইবার সেল নীলফামারী জেলার জনগণের জন্য একটি নির্ভরযোগ্য সেবাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। একইসঙ্গে ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধ তদন্তের গতি বৃদ্ধি এবং নিরাপদ সাইবার পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে জেলা পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।

প্রযুক্তিনির্ভর, সেবামুখী ও আধুনিক পুলিশিং ব্যবস্থার অংশ হিসেবে নীলফামারী জেলা পুলিশের এই উদ্যোগকে জেলার সচেতন মহল সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top