মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালী নদীর তীরবর্তী বাদুরতলা এলাকায় নদী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রমের উদ্বোধন করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার বাদুরতলা বাজার সংলগ্ন বিষখালী নদীর তীরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। নদী ভাঙনের ঝুঁকিতে থাকা এলাকায় প্রায় ৫০ হাজার জিও ব্যাগ ফেলা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বাদুরতলা লঞ্চঘাট থেকে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি রফিকুল ইসলাম জামাল বলেন, “প্রায় ১৫ দিন আগে এ এলাকায় বড় ধরনের নদী ভাঙন দেখা দেয়। পরে আমি ঘটনাস্থল পরিদর্শন করি এবং পানি মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে আলোচনা করে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। ভাঙন রোধে এটি একটি তাৎক্ষণিক ও প্রয়োজনীয় পদক্ষেপ।”
তিনি আরও বলেন, “আগামীতে এ এলাকায় একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। ব্লক স্থাপনের মাধ্যমে স্থায়ীভাবে নদী ভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণ করা হবে। দীর্ঘদিনের এ সমস্যার স্থায়ী সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।”
অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুপুর, রাজাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হক নান্নুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বিষখালী নদীর তীব্র ভাঙনে দীর্ঘদিন ধরে তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। দ্রুত জিও ব্যাগ ফেলা এবং পরবর্তীতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে বাদুরতলা এলাকার মানুষ নদী ভাঙনের ভয়াবহতা থেকে রক্ষা পাবেন বলে তারা আশা করছেন। নদী তীর রক্ষায় চলমান এ কার্যক্রমকে এলাকাবাসী সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন।