মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ, ১৫ জুন: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১৫ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ ভোলাহাট বিওপির নায়েব সুবেদার মো. সোনারুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্ত পিলার ১৯৫/৩-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার ভোলাহাট ইউনিয়নের আলালপুর গ্রামের একটি আমবাগানে মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ উদ্ধার করা হয়। বিজিবি জানায়, আটককৃত নেশাজাতীয় সিরাপগুলো জিডি মূলে ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের অভিযান এবং গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।