১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

উজিরপুরে গভীর রাতে এনএসআইয়ের অভিযানে ১৩ ব্যারেল রেণু পোনাসহ ট্রাক জব্দ, আটক ১

এম,এম,রহমান,উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাছের রেণু পোনাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১৩ ব্যারেল রেণু পোনা উদ্ধার করা হয়। এ সময় এক শ্রমিককে আটক করা হলেও ট্রাকচালকসহ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

সোমবার (১৫ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালায় এনএসআইয়ের বরিশাল জেলা ইউনিট। অভিযানে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে ট্রাকের ভেতর থেকে ১৩ ব্যারেল মাছের রেণু পোনা উদ্ধার করা হয়, যা অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, ট্রাকটি থামানোর সঙ্গে সঙ্গেই চালকসহ ৬ থেকে ৭ জন ব্যক্তি গাড়ি থেকে নেমে অন্ধকারের সুযোগ নিয়ে পাশের ঝোপঝাড়ের মধ্যে পালিয়ে যায়। তবে অভিযানে অংশ নেওয়া সদস্যরা ধাওয়া করে একজন শ্রমিককে আটক করতে সক্ষম হন।

 

পরে ভোর সাড়ে ৪টার দিকে জব্দকৃত ট্রাক, উদ্ধার করা রেণু পোনা এবং আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নদ-নদী ও জলাশয় থেকে অবৈধভাবে রেণু পোনা সংগ্রহ ও পাচারের ফলে দেশীয় মাছের প্রজনন ও প্রাকৃতিক মৎস্যসম্পদ মারাত্মক ক্ষতির মুখে পড়ে। এ কারণে এমন অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে, পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্তে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। উদ্ধার হওয়া রেণু পোনা ও জব্দকৃত ট্রাকের বিষয়ে প্রচলিত মৎস্য আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকলে রেণু পোনা পাচার ও অবৈধ আহরণ অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top