১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে নয়নী ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে র‌্যালি

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোহনবাগ এলাকায় ১৫ বছর বয়সী গৃহপরিচারিকা নয়নীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে র‌্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) সকালে শিবগঞ্জ সচেতন শিক্ষার্থী সমাজের উদ্যোগে সাধারণ শিক্ষার্থী, নিহত নয়নীর স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ র‌্যালিতে অংশ নেন। সকাল ১০টায় শিবগঞ্জ মহিলা কলেজের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী শিষ মোহাম্মদ, সাইমুম সাদাব, লিমন মোস্তাকিন, সানজিদ, মিরাজ ও কাউসার। এছাড়া বক্তব্য দেন নিহত নয়নীর আত্মীয় ও মামলার বাদী আকলিমা বেগম, বেদানা বেগম, রুবী, সোহবুল হক এবং মোস্তাক।
বক্তারা অভিযোগ করেন, নয়নী ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারপ্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা চলছে। তারা দাবি করেন, প্রভাবশালী মহলের তদবিরের কারণে মামলার তদন্ত ও অন্যান্য আসামিদের গ্রেপ্তারে বিলম্ব হচ্ছে। পাশাপাশি বাদীপক্ষকে হয়রানির শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
সমাবেশ থেকে ঘটনায় জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং নিহত নয়নীর পরিবারের নিরাপত্তা প্রদানের দাবি জানানো হয়। বক্তারা বিচারহীনতার সংস্কৃতি বন্ধে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top