মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।
মেলায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কৃষকদের জন্য আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, পানি সাশ্রয়ী চাষাবাদ পদ্ধতি এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করা হয়।
এছাড়াও কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির বিকল্প নেই।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম, কৃষি অফিসার রতন কুমার ঘোষ, মৎস কর্মকর্তা তানভীর আহমেদসহ কৃষি বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেলায় উপজেলার বিভিন্ন কৃষি উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি ও কৃষি উপকরণ প্রদর্শন করা হয়। মেলা ঘুরে দেখে দর্শনার্থীরা প্রদর্শিত প্রযুক্তি সম্পর্কে ধারণা গ্রহণ করেন এবং কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির প্রসারে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।