মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন মঙ্গলবার (১৬ জুন) বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন সরকারি ও সামাজিক প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সকালে জেলা প্রশাসক ইসলামপুর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইসলামপুর ইউনিয়ন বৃদ্ধ নিবাস পরিদর্শন করেন। এছাড়া তিনি নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়িত ‘তথ্য আপা : তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’-এর মাঠ দিবসের উদ্বোধন করেন।
পরে ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শালবরাট এলাকায় বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক। সেখানে তিনি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন এবং পরিবেশ রক্ষায় অধিক হারে বৃক্ষরোপণের আহ্বান জানান।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোহন রায়হান, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার, সাব-ইন্সপেক্টর শরীফ আব্দুল বাকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরবর্তীতে জেলা প্রশাসক বালিয়াকান্দি থানা পরিদর্শনসহ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তিযোদ্ধা ভবনে উপজেলা আর্ট স্কুলের উদ্বোধন করেন। এরপর তিনি বালিয়াকান্দি থানা পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসা সেবার মান সম্পর্কে তাদের মতামত শোনেন। হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে তিনি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসকের এ পরিদর্শন কর্মসূচি স্থানীয় প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর এবং সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে।