১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে খাদ্যে ভেজাল: দুই তিল ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে খাদ্যে ভেজাল করে বাজারজাত করার অভিযোগে দুই তিল ব্যবসায়ীকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) পরিচালিত অভিযানে দণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুর বাজারের তিল ব্যবসায়ী মোহাম্মদ শহীদুল ইসলাম বিশ্বাস (৬২) ও আব্দুল হাই বিশ্বাস (৫৫)।

জানা গেছে, অতিরিক্ত মুনাফার আশায় সাদা তিলে রাসায়নিক রং ব্যবহার করে কালো তিল হিসেবে বাজারজাত করছিলেন ওই দুই ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাদের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় শহীদুল ইসলাম বিশ্বাসের প্রতিষ্ঠান থেকে রাসায়নিক পদার্থ দিয়ে রং করা ১৯ বস্তা তিল জব্দ করা হয়।

অভিযানের একপর্যায়ে অপর ব্যবসায়ী আব্দুল হাই বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালিয়ে তিল রং করার কাজে ব্যবহৃত এক বোতল রং এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে জব্দকৃত ১৯ বস্তা তিল বহরপুর বাজারে মাসুম মণ্ডলের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নিয়ে আসা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালতের সামনে অভিযুক্ত দুই ব্যবসায়ী নিজেদের অপরাধ স্বীকার করেন।

অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করেন। পাশাপাশি জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের রাজস্ব ডেপুটি কালেক্টর (আরডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. আসিকুর রহমান।

অভিযানে সহযোগিতা করেন রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আসিফুর রহমান, বালিয়াকান্দি উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর পনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্যে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে এমন কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top