মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহজুবা উম্মে লাবনীর বিরুদ্ধে বিদ্যালয়ের পুরোনো ভবনের ইট ও বিভিন্ন সরকারি সরঞ্জাম বিক্রির অভিযোগে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের পুরোনো ভবনের ইট ও বিভিন্ন সরকারি সরঞ্জাম বিক্রির অভিযোগ এনে ৫৬ জন স্থানীয় বাসিন্দা প্রধান শিক্ষিকা মাহজুবা উম্মে লাবনীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
তদন্ত শেষে অভিযুক্ত প্রধান শিক্ষিকাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়। তিনি লিখিত জবাব দিলে অভিযোগ, তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত এবং তার ব্যাখ্যা পর্যালোচনা করে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম বলেন, “তদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে বিধি অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অভিযোগের বিষয়ে জানতে প্রধান শিক্ষিকা মাহজুবা উম্মে লাবনীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তদন্ত চলাকালে তিনি কর্তৃপক্ষের কাছে লিখিত জবাব জমা দিয়েছেন বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, বিদ্যালয়ের সরকারি সম্পদ বিক্রির অভিযোগ তুলে এলাকাবাসী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি তদন্তে যায়। তদন্ত প্রতিবেদন দাখিলের মধ্য দিয়ে প্রশাসনিক প্রক্রিয়ার পরবর্তী ধাপ শুরু হয়েছে।