মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদসংলগ্ন উত্তরপাড়া রেললাইনে চলন্ত নীলসাগর এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে রিফাত ইসলাম (৯) নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় তার একটি পা ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়দের সহযোগিতায় ডোমার ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার কিছুক্ষণ পর রেললাইন এলাকা থেকে ‘বাঁচাও, বাঁচাও’ চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তারা এক শিশুকে গুরুতর আহত অবস্থায় রেললাইনের পাশে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি ডোমার ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আহত রিফাত ইসলাম সৈয়দপুরের তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা শামীম ইসলাম পেশায় একজন রিকশাচালক।
চিকিৎসাধীন অবস্থায় রিফাত জানায়, ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ একটি ধাক্কা অনুভব করলে সে চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যায়। তবে তাকে কেউ ধাক্কা দিয়েছে কি না বা অন্য কোনো কারণে সে পড়ে গেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা মজিদুল ইসলাম বলেন, “রেললাইন থেকে চিৎকার শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি একটি শিশু গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”
ডোমার ফায়ার সার্ভিসের একটি দায়িত্বশীল সূত্র জানায়, খবর পাওয়ার পর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে রেলওয়ে পুলিশ জানায়, ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এতে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি ট্রেনে যাত্রীদের নিরাপত্তা জোরদার, চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে যাতায়াত নিরুৎসাহিত করা এবং নিরাপত্তা তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন।