মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রাম এলাকার গড়াই নদী থেকে এক অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সকাল আনুমানিক ৯ টার দিকে বনগ্রাম খেয়াঘাটের প্রায় ১০০ থেকে ১২০ গজ পূর্ব পাশে নদীর তীরে কচুরিপানার সঙ্গে মরদেহটি ভাসমান অবস্থায় স্থানীয়দের নজরে আসে। পরে বিষয়টি খোকসা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির পরনে কফি রঙের অর্ধহাতা শার্ট ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২ থেকে ৩ দিন আগে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এবং পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
খোকসা থানা পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে, পুলিশ মরদেহটির পরিচয় শনাক্তে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে। কেউ মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারলে বা এ বিষয়ে কোনো তথ্য জানলে দ্রুত খোকসা থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।