মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ও কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেন, “বর্তমান সরকার সমাজের অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে। সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে এবং কেউ যেন বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, “সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে উপজেলার ২৩ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
চেক পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের আশা, এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি অসহায় মানুষ এর সুফল ভোগ করবেন।