নাটোরের দৃষ্টান্ত, এবার বনগ্রামের লক্ষ্য ইউএনও আলাউদ্দিন

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রামে জনসাধারণের উদ্যোগে গত ৪ জুলাই অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমী মাদকবিরোধী মতবিনিময় সভা। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ সভায় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে খোকসা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলাউদ্দিন বলেন, নাটোরের এমন একটি এলাকা রয়েছে, যেখানে জনগণের ঐক্য, সামাজিক সচেতনতা ও পারস্পরিক জবাবদিহিতার কারণে মাদক ও দুর্নীতির কোনো স্থান নেই। একটি এলাকাকে মাদকমুক্ত করতে হলে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; বরং সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ, সামাজিক প্রতিরোধ ও পারস্পরিক সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি। বনগ্রামবাসী যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে, তাহলে বনগ্রামও একদিন মাদকমুক্ত ও আদর্শ গ্রাম হিসেবে সবার সামনে দৃষ্টান্ত স্থাপন করবে।

বিশেষ অতিথির বক্তব্যে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের একার দায়িত্ব নয়। পরিবার, শিক্ষক, অভিভাবক, যুবসমাজ ও সচেতন নাগরিক সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। কোথাও মাদক ব্যবসা বা সেবনের তথ্য পেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। জনগণের সহযোগিতা থাকলে বনগ্রামকে মাদকমুক্ত করা অবশ্যই সম্ভব।

সভায় আরও উপস্থিত ছিলেন বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবীণ নাগরিক, শিক্ষক, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ।

বক্তারা বলেন, একটি সুন্দর, নিরাপদ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য সমাজ গড়তে হলে মাদককে সামাজিকভাবে প্রতিহত করতে হবে। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি সচেতন মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় সর্বসম্মতিক্রমে গ্রামবাসীর উদ্যোগে ৪১ সদস্যবিশিষ্ট একটি মাদকবিরোধী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা বনগ্রামে মাদক প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক নজরদারি এবং প্রয়োজনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভা শেষে উপস্থিত সবাই বনগ্রামকে একটি মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top