মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি এবং তিন গুণ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সোমবার (৬ জুলাই) থেকে দেশব্যাপী ধর্মঘটে যাচ্ছেন শাখা ডাকঘরের কর্মচারীরা। কর্মসূচি সফল করতে রোববার (৫ জুলাই) দুপুরে নীলফামারী প্রধান ডাকঘর প্রাঙ্গণে আলোচনা সভা শেষে শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং-বি-২০৩১), বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের প্রায় ২৩ হাজার অবিভাগীয় (ইডি) শাখা ডাকঘর কর্মচারী দীর্ঘদিন ধরে চরম বৈষম্যের শিকার। বর্তমান বাজার পরিস্থিতিতে তাদের দৈনিক আয় মাত্র ১৩৩ থেকে ১৪৮ টাকা, যা দিয়ে পরিবার চালানো প্রায় অসম্ভব। এছাড়া ২০১৮ সালের ২৫ নভেম্বরের পর গত প্রায় আট বছরেও তাদের বেতন-ভাতা বৃদ্ধি করা হয়নি।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে দাবি আদায়ে স্মারকলিপি প্রদান, মানববন্ধন, সংবাদ সম্মেলন, আলোচনা সভা ও অনশন কর্মসূচি পালন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে বাধ্য হয়ে তারা কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন।
আন্দোলনকারীদের দুই দফা দাবি হলো—শাখা ডাকঘরের কর্মচারীদের বিভাগীয় (সরকারি) কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান এবং বর্তমান বেতন-ভাতা তিন গুণ বৃদ্ধি।
বক্তারা অভিযোগ করেন, বৈষম্য দূর করার কথা বলা হলেও শাখা ডাকঘরের অবিভাগীয় কর্মচারীরা এখনও বঞ্চিত রয়েছেন। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকারকে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
সংগঠনের নেতারা জানান, সোমবার (৬ জুলাই) থেকে সারাদেশের সব শাখা ডাকঘরে ধর্মঘট শুরু হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।