ঝালকাঠির ঐতিহ্যবাহী শিববাড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী শিব চতুর্দশী উৎসব

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির সদর উপজেলার পোনাবালিয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শিববাড়িতে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শিব চতুর্দশী। তৃতীয় আন্তর্জাতিক পীঠস্থান হিসেবে খ্যাত এ মন্দিরে তিন দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে ত্রাম্বকেশ্বর ভৈরবের আরাধনার মধ্য দিয়ে পূজার্চনা, শিব দর্শন ও পূণ্যস্নান শুরু হয়। এ উপলক্ষ্যে দেশ-বিদেশের নানা বয়সের হাজারো পুণ্যার্থী মন্দির প্রাঙ্গণে ভিড় জমিয়েছেন।

মন্দিরের পুরোহিত মহাদেব চক্রবর্তী জানান, ৩০০ বছরেরও বেশি সময় ধরে প্রতিবছর শিববাড়িতে শিব চতুর্দশী উৎসব উদ্‌যাপিত হয়ে আসছে। বিশেষ করে গৃহবধূরা স্বামীর মঙ্গল কামনায়, আর অবিবাহিত মেয়েরা শিবের মতো যোগ্য বর পাওয়ার আশায় দেবতাকে পূজা দেন।

উৎসবে অংশ নিতে আসা অসীম চন্দ্র বলেন, “স্ত্রী-সন্তানের মঙ্গল কামনায় মহাদেবের আশীর্বাদ চাইতে এসেছি। পুজো দিয়েছি, মনের আশা পূরণের প্রার্থনা করেছি।”

অন্যদিকে, মনিকা বিশ্বাস জানান, “পরিবারের সুখ-সমৃদ্ধির জন্য প্রতি বছরই শিব দেবতার কাছে পুজো দিই। সংসারের মঙ্গলের জন্য শিব পূজার গুরুত্ব অপরিসীম।”

শিব চতুর্দশী উপলক্ষ্যে তিন দিনব্যাপী গ্রামীণ মেলা বসেছে। বাহারি পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। পূজার পাশাপাশি ভক্তরা মেলা ঘুরে নানা সামগ্রী ক্রয় করছেন।

ঝালকাঠি জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক অলোক সাহা বলেন, “ঐতিহ্যবাহী এই মেলায় দেশ-বিদেশ থেকে হাজারো ভক্ত এসেছেন। শিব দেবতার কৃপা লাভের জন্য সবাই এখানে সমবেত হন।”

উৎসবের প্রাণবন্ত পরিবেশ, ধর্মীয় আচার, পূণ্যার্থীদের ভিড় ও মেলার আনন্দে মুখরিত হয়ে উঠেছে ঝালকাঠির শিববাড়ি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top