৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শান্তিপূর্ণভাবে সম্পন্ন হজ, দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা

নিজস্ব প্রতিনিধি:

কোনো বড় ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে এবারের পবিত্র হজ। সমন্বিত ব্যবস্থাপনা, নিবিড় তদারকি এবং কার্যকর পরিকল্পনার কারণে লাখো মুসল্লি নির্বিঘ্নে হজের সব ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে সক্ষম হয়েছেন।

তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে শুক্রবার শেষ হয় পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম। হজের সব বিধি-বিধান সম্পন্ন করে বাংলাদেশি হাজিরাও দেশে ফিরতে শুরু করেছেন।

শনিবার (৩০ মে) দিবাগত রাত থেকে শুরু হয়েছে ফিরতি হজ ফ্লাইট। সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাউদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটে প্রথম দফায় হাজিদের দেশে ফেরার যাত্রা শুরু হয়। প্রথম দিনেই ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন হাজি বাংলাদেশে ফিরবেন।

এর আগে গত ১৭ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০২৬ সালের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইট সৌদি আরবে পৌঁছায় ২১ মে। আগামী ১ জুলাই ফিরতি ফ্লাইট কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই তাঁবু ভাড়া, পরিবহন, আবাসন ও ভিসাসহ সব প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হজযাত্রী পরিবহণ নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ফলে নির্ধারিত সব হজযাত্রী সময়মতো সৌদি আরবে পৌঁছাতে সক্ষম হয়েছেন।

হজ-পরবর্তী সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, মহান আল্লাহর অশেষ রহমত ও অনুগ্রহে এবারের হজ সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি জানান, এই সফলতার কৃতিত্ব কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়, বরং এটি আল্লাহর বিশেষ দয়া।

ধর্মমন্ত্রী আরও বলেন, ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, প্রশাসনিক টিম এবং হজ-সংশ্লিষ্ট সবাই আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাজিদের জন্য বিনামূল্যে লাগেজ র‌্যাপিং, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং আরাফা ও মিনায় জুস বিতরণের মতো নানা সেবা নিশ্চিত করা হয়েছে।

আগামী বছরের হজ ব্যবস্থাপনা আরও উন্নত করতে কিছু হজ প্যাকেজ ও বেসরকারি এজেন্সির কার্যক্রম নতুনভাবে মূল্যায়নের পরিকল্পনার কথাও জানান তিনি। একই সঙ্গে হজের ব্যয় কমানোর বিষয়েও সরকার কাজ করছে বলে উল্লেখ করেন।

সৌদি আরবের হজ ব্যবস্থাপনার প্রশংসা করে ধর্মমন্ত্রী বলেন, অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে হজ সম্পন্ন হয়েছে। এ জন্য সৌদি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রশংসার দাবিদার।

অন্যদিকে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, এবারের হজ ব্যবস্থাপনা ছিল অত্যন্ত সফল ও সুশৃঙ্খল। সরকার, ধর্ম মন্ত্রণালয়, সৌদি কর্তৃপক্ষ, এয়ারলাইন্স এবং হজ এজেন্সিগুলোর সমন্বিত প্রচেষ্টার ফলে হাজিরা নির্বিঘ্নে ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করতে পেরেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top