নিজস্ব প্রতিনিধি:
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে অবস্থানরত হাজিরা আজ রাত থেকেই মিনার উদ্দেশে রওনা হচ্ছেন। সোমবার (৮ জিলহজ) মিনায় অবস্থানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে পবিত্র হজের মূল কার্যক্রম।
রোববার (২৪ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী হাজিদের নিরাপদ ও নির্বিঘ্নে মিনায় পৌঁছে দিতে আজ রাত থেকেই তাদের যাত্রা শুরু হবে।
মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ অফিস এবং সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো ইতোমধ্যে বাংলাদেশি হজযাত্রীদের মিনায় পাঠানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী, ৮ জিলহজ হাজিরা মিনায় অবস্থান করবেন এবং ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। পরে ৯ জিলহজ (মঙ্গলবার) তারা আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন।
এ বছর আরাফাতের ময়দানে হজের খুতবা প্রদান করবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুর রহমান আল-হুযাইফি। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করবেন। ইসলামী শরিয়ত অনুযায়ী, আরাফাতে অবস্থান করাই হজের অন্যতম প্রধান রুকন।
৯ জিলহজ সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফার উদ্দেশে যাত্রা করবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় শেষে খোলা আকাশের নিচে রাতযাপন করবেন। পরদিন ১০ জিলহজ ভোরে মিনায় ফিরে বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কুরবানি এবং মাথা মুণ্ডন বা চুল ছোট করার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
পরবর্তী ১১ ও ১২ জিলহজ হজের বাকি আনুষ্ঠানিকতা শেষ করে ১২ জিলহজ সূর্যাস্তের আগেই মিনাত্যাগ করবেন হাজিরা।
এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৬ থেকে ১৮ লাখ মুসল্লি হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ থেকে চলতি বছর প্রায় সাড়ে ৭৮ হাজার হজযাত্রী পবিত্র হজ পালনে অংশ নিয়েছেন।