১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোপা দৌড়ে হোঁচট লিভারপুল-বার্সার, জমে উঠছে ইংলিশ ও স্প্যানিশ লিগ

দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ

ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লা লিগার শিরোপা দৌড় জমে উঠেছে নাটকীয়তায়। রোববার গুরুত্বপূর্ণ ম্যাচে ফুলহামের কাছে ৩-২ গোলে হেরে পয়েন্ট হারিয়েছে লিভারপুল, আর লা লিগায় রিয়াল মাদ্রিদের হারের সুযোগও কাজে লাগাতে পারেনি বার্সেলোনা।

ম্যাক অ্যালিস্টারের গোলে শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২৬ ম্যাচ পর প্রথমবারের মতো হার মানে লিভারপুল। এই হারে ৩১ ম্যাচ শেষে ৭৩ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে থাকলেও পিছন থেকে চাপ বাড়াচ্ছে আর্সেনাল। তাদের সংগ্রহ ৬২ পয়েন্ট। আর চেলসি ও ম্যানচেস্টার সিটি নিজেদের ম্যাচে গোলশূন্য ড্র করে লিগ টেবিলে তেমন অগ্রগতি করতে পারেনি।

অন্যদিকে, লা লিগায় রিয়াল মাদ্রিদের ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হারের পর সুযোগ ছিল বার্সেলোনার সামনে। নিজেদের মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে জিতে চার পয়েন্ট ব্যবধান তৈরি করে লিগের নিয়ন্ত্রণ নিতে পারত তারা। কিন্তু গাভির গোলে এগিয়ে গেলেও নাথানের গোলের জবাব দিতে পারেনি বার্সা, ম্যাচ শেষ হয় ১-১ ড্রয়ে।

৩০ ম্যাচ শেষে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। দুই দলই সমান ৮টি ম্যাচ হাতে রেখে এগিয়ে যাচ্ছে লা লিগা শিরোপার পথে।

সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হতে পারে ১১ মে’র এল ক্লাসিকো, যেটি অনুষ্ঠিত হবে বার্সার ঘরের মাঠে। ধারণা করা হচ্ছে, এই ম্যাচেই নির্ধারিত হয়ে যেতে পারে ২০২৪-২৫ মৌসুমের লা লিগার চ্যাম্পিয়ন।

শিরোপা লড়াইয়ে উত্তেজনা বাড়লেও একটানা ফর্ম ধরে রাখতে না পারায় বড় মূল্য দিতে হতে পারে দুই জায়ান্টকেই।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top