১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিন, মিলেছে বিদেশ যাওয়ার অনুমতি

নিজস্ব প্রতিনিধি:

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আলোচিত সাংবাদিক আনিস আলমগীর-কে স্থায়ী জামিন দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দেশত্যাগের অনুমতিও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন। তবে ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আদালতে হাজির হয়ে আনিস আলমগীরের পক্ষে স্থায়ী জামিন, ব্যক্তিগত হাজিরা মওকুফ এবং বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে পৃথক তিনটি আবেদন করা হয়। শুনানি শেষে আদালত স্থায়ী জামিন ও বিদেশযাত্রার আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। পরে ২৮ জানুয়ারি আদালতের মাধ্যমে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, আনিস আলমগীর প্রায় ৪ কোটি ৯ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন, যার মধ্যে ২৫ লাখ টাকার স্থাবর এবং প্রায় ৩ কোটি ৮৫ লাখ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। এছাড়া তার পারিবারিক ও অন্যান্য ব্যয় হিসাব করা হয়েছে প্রায় ১৬ লাখ টাকা।

দুদকের তথ্যমতে, তার বৈধ আয়ের উৎস থেকে মোট আয় পাওয়া গেছে প্রায় ৯৯ লাখ টাকা। এর মধ্যে অতীত সঞ্চয়, টক শো ও কনসালটেন্সি, প্লট বিক্রি এবং ব্যাংক সুদের অর্থ অন্তর্ভুক্ত রয়েছে।

তদন্তে দাবি করা হয়েছে, বৈধ আয়ের তুলনায় আনিস আলমগীরের প্রায় ৩ কোটি ২৬ লাখ টাকার সম্পদ বেশি পাওয়া গেছে, যা জ্ঞাত আয় বহির্ভূত হিসেবে উল্লেখ করেছে দুদক।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top