মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মোবাইল ফোন, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৩ মে) গভীর রাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চামুচা বিওপি’র সহকারী পরিচালক শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়।
এ সময় সীমান্ত পিলার ১৯৮/১-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৫৪টি বিভিন্ন মডেলের ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন, ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা এবং ১৯ হাজার ৪৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারি দল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে।