মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাস্তায় কাদামাটি ফেলে জনচলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালায় ইটভাটা মালিকসহ ২জনকে মোবাইল কোর্টে জরিমানা করেছে।
মঙ্গলবার (১২ মে) বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এহসানুল হক শিপন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এহসানুল হক শিপন বলেন, বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মাটি বহন করাকালে যথাযথ সতর্কতা অবলম্বন না করে রাস্তায় কাদামাটি ফেলে জন চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে মিজানুর রহমান চাঁদ ও নজরুল ইসলাম নামক দুজন ব্যক্তিকে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর ১১ ও ১৭ বিধিমতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে তাদেরকে যথাশীঘ্রই ওই স্থান পরিষ্কার করার জন্য বিশেষভাবে নির্দেশনা দেয়া হয়। জনসাধারণের ভোগান্তি লাঘবে এ অভিযান অব্যাহত থাকবে।