১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

নজরুল বিশ্ববিদ্যালয়ের সাথে আইসিএমএবি’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সাথে আইসিএমএবি (The Institute of Cost and Management Accountants of Bangladesh ) এবং হোসাইন মামলুক অ্যান্ড কোং -এর দুইটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের কনফারেন্স কক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘CMA Choice: Your Future Professional Career an Exciting Success Route’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।উদ্বোধনী পর্বে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং প্রতিষ্ঠান দুইটির পক্ষে স্বাক্ষর করেন যথাক্রমে আইসিএমএবি’র ভাইস-প্রেসিডেন্ট এস. এম. জহির উদ্দিন হায়দার ও হোসাইন মামলুক এন্ড কোং’ এর প্রিন্সিপ্যাল মো. মামলুক হোসেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন,
‘আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা তুলনামূলক মেধাবী হয়। এই অনুষদের শিক্ষার্থীদের জন্য দেশ-বিদেশে চাকুরির বিশাল বাজার রয়েছে। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে তোমাদের কাজের যথেষ্ট সুযোগ রয়েছে। তোমরা তোমাদের মেধা ও দক্ষতাকে সঠিকভাবে প্রদর্শন করতে পারলে তোমরা নিশ্চয়ই ভালো প্রতিষ্ঠানে ভালো পদে জায়গা করে নিতে সক্ষম হবে।’

জানা যায়, এই চুক্তি স্বাক্ষরের ফলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ বিবিএ/এমবিএ সম্পন্ন করে সিএমএ প্রোগ্রামে ভর্তি হলে মোট ২০টি কোর্সের মধ্যে সর্বোচ্চ ৬টি কোর্স পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকবে। প্রায় ৩ মাস মেয়াদি কাঠামোবদ্ধ ইন্টার্নশিপ প্রোগ্রামের সুযোগ পাবে। শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ, কর্মশালা এবং সেমিনারের আয়োজন করা হবে। পাশাপাশি অভিজ্ঞ পেশাজীবীদের মাধ্যমে শিক্ষার্থীদের মেন্টরিং ও কোচিং প্রদান করা হবে। প্রয়োজনে ফিল্ড পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব অডিট ও কনসালটিং কার্যক্রম সম্পর্কেও ধারণা দেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের ধারাবাহিক উন্নয়নের জন্য মূল্যায়ন ও ফিডব্যাকসহ বিভিন্ন বিষয়ে সুযোগ, সুবিধা প্রদান করা হবে।

এছাড়াও উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, আইসিএমএবি’র ভাইস প্রেসিডেন্ট এস, এম, জহির উদ্দিন হায়দার ও হোসাইন মামলুক এন্ড কোং’ এর প্রিন্সিপ্যাল মো. মামলুক হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। সেমিনারে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top