১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

পবিপ্রবিতে শিক্ষকদের শাটডাউনে ক্ষুব্ধ ডিফেন্স শিক্ষার্থীরা, একাডেমিক ভবনে তালা

মোঃ ফাহিম,পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষকদের চলমান শাটডাউন কর্মসূচির মধ্যে ডিফেন্স কার্যক্রম চালুর দাবিতে উত্তাল হয়ে উঠেছে। পূর্বনির্ধারিত ডিফেন্স স্থগিত হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অচলাবস্থা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

১২ মে (মঙ্গলবার) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের কম্বাইন্ড ২০১৯-২০ সেশনের (সেকশন-এ) শিক্ষার্থীরা একাডেমিক ভবনের সামনে জড়ো হন। পরে নির্ধারিত ডিফেন্স কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে তারা একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় ভবনের ভেতরে অবস্থানরত কয়েকজন শিক্ষক সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়েন।

শিক্ষার্থীরা জানান, তাদের ব্যাচের প্রায় ২৫ জনের ডিফেন্স ইতোমধ্যে সম্পন্ন হলেও বাকি শিক্ষার্থীদের ডিফেন্স মাঝপথে বন্ধ হয়ে যায়। এতে সেশনজট, ইন্টার্নশিপ ও ভবিষ্যৎ পেশাগত কার্যক্রম নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা। দ্রুত ডিফেন্স কার্যক্রম পুনরায় চালুর দাবি জানান শিক্ষার্থীরা।

জানা যায়, গত ১১ মে স্থানীয় যুবদল নেতাকর্মীদের হামলার ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষক সব ধরনের ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন। তবে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখার নির্দেশনা জারি করা হয়। শিক্ষকদের শাটডাউন এবং প্রশাসনের ঘোষণার মধ্যে সাংঘর্ষিক অবস্থানের কারণে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ সৃষ্টি হয়।

কম্বাইন্ড ২০১৯-২০ সেশনের এক শিক্ষার্থী বলেন, “আমাদের ডিফেন্স কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে ছিল। কিন্তু হঠাৎ শাটডাউনের কারণে মাঝপথে সবকিছু বন্ধ হয়ে গেছে। এতে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।”

এ বিষয়ে এএনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. খোন্দকার জাহাঙ্গীর আলম মুঠোফোনে বলেন, “শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে চলমান শাটডাউনের কারণে ডিফেন্স কার্যক্রম স্থগিত হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তবে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের আশ্বাস পাওয়া গেছে।”

বিশ্ববিদ্যালয়ে দ্রুত স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে এনে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top