মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের দাবি যৌক্তিক: আসিফ নজরুল

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় বিক্ষোভরত শিক্ষার্থীদের ৬ দফা দাবি যৌক্তিক বলে মেনে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার দুপুরে স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে আইন উপদেষ্টা আসিফ নজরুল তাদের দাবি পূরণের আশ্বাস দেন।

শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের সঠিক তালিকা তৈরি, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল এবং বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার করা।

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, স্কুল প্রাঙ্গণে একটি তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে নিহত ও আহতদের হালনাগাদ তথ্য পাওয়া যাবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং মানসিক স্বাস্থ্য সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান চলাচল বন্ধে বিমানবাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

সেনাবাহিনীর কিছু সদস্য কর্তৃক শিক্ষার্থীদের ওপর শারীরিক আচরণের অভিযোগের বিষয়ে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়।

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসের ঘোষণা দেন, যা নিয়মিত পরীক্ষা শেষে নতুন তারিখে অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন, সরকারি আশ্বাস সত্ত্বেও তাদের কিছু দাবি এখনও পূরণ হয়নি বলে জানা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top