২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জুলাই সনদ বাস্তবায়নে ২১ সেপ্টেম্বরের মধ্যেই সিদ্ধান্ত চায় জাতীয় ঐকমত্য কমিশন

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ২১ সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশন। তবে তা সম্ভব না হলে সিদ্ধান্ত ২ অক্টোবরের পর নেওয়া হতে পারে।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার শুরুতে তিনি এ কথা জানান। আলী রীয়াজ বলেন, বিশেষজ্ঞরা জুলাই সনদ বাস্তবায়নে চারটি পদ্ধতির পরামর্শ দিয়েছেন— অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট এবং বিশেষ সাংবিধানিক আদেশ।

তিনি জানান, কমিশনের মেয়াদ এক মাস বাড়ানো হলেও কমিশন দীর্ঘ সময় আলোচনা চালিয়ে যেতে আগ্রহী নয়। দ্রুতই ঐকমত্যে পৌঁছানোর লক্ষ্য রয়েছে।

আলী রীয়াজ বলেন, প্রধান উপদেষ্টা ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাবেন এবং ২ অক্টোবর দেশে ফিরবেন। এর আগে কমিশন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায়।

তিনি আরও জানান, গণভোট ও সাংবিধানিক আদেশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতপার্থক্য ছিল তা বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে দূর হয়েছে এবং শিগগিরই ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে।

গত ১৫ সেপ্টেম্বর জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ১২ ফেব্রুয়ারি সরকার ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠন করে, যেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং অধ্যাপক আলী রীয়াজকে সহসভাপতি করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top