২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আন্দোলনের মুখে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াল সরকার

নিজস্ব প্রতিনিধি:
দীর্ঘদিনের আন্দোলনের পর অবশেষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করেছে সরকার। রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ৫ শতাংশ হারে অথবা সর্বনিম্ন দুই হাজার টাকা হারে বাড়িভাড়া ভাতা প্রদান করা হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে এই বাড়িভাড়া ভাতা পাবেন।

শর্ত অনুযায়ী, পরবর্তী জাতীয় বেতনস্কেল কার্যকর হওয়ার সময় এই ভাতা সমন্বয় করতে হবে। পাশাপাশি ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১’, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ অনুসরণ করতে হবে।

এছাড়া এই ভাতার ক্ষেত্রে কোনো বকেয়া প্রাপ্য হবে না। সব আর্থিক বিধি-বিধান মেনে ভাতা প্রদান করতে হবে এবং ভবিষ্যতে কোনো অনিয়ম ধরা পড়লে বিল পরিশোধকারী কর্তৃপক্ষকে দায় নিতে হবে। প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জারি করা জি.ও (Government Order) অর্থ বিভাগে পাঠাতে হবে পৃষ্ঠাংকনের জন্য।

অর্থ মন্ত্রণালয়ের এই আদেশ আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছিলেন। গতকাল শনিবারও তারা আমরণ অনশন ও কালো পতাকা মিছিল করেছেন। আজ রোববার দুপুর ১২টায় শিক্ষা ভবন অভিমুখে ‘থালা-বাটি হাতে ভুখা মিছিল’ করার কর্মসূচি ঘোষণা করেছিলেন তারা। এমন প্রেক্ষাপটে তাদের দাবি মেনে নিয়ে সরকার প্রজ্ঞাপন জারি করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top