২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজ ছাড়াতে সহযোগিতা করবে ইরান: রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী জানিয়েছেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালিতে বহু জাহাজ আটকা পড়েছে, যার মধ্যে বাংলাদেশের জাহাজও রয়েছে। তিনি আশ্বাস দেন, দ্রুত এসব জাহাজ চলাচলের ব্যবস্থা করতে ইরান সহযোগিতা করবে।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বটতলায় আয়োজিত এক শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। “ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ শিক্ষার্থীদের স্মরণ” শীর্ষক এ কর্মসূচির আয়োজন করে বিপ্লবী ছাত্র পরিষদ।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশকে ইরান বন্ধুপ্রতিম দেশ হিসেবে বিবেচনা করে এবং দুই দেশের মধ্যে কোনো বিরোধ নেই। হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজ দ্রুত ছাড়াতে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, মর্যাদার ভিত্তিতে আলোচনা হলে তাতে অংশ নিতে ইরান প্রস্তুত। তবে যুদ্ধবিরতির সময় পর্যন্ত ইরান আক্রমণ করবে না, কিন্তু তা লঙ্ঘিত হলে প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র শান্তির নামে আন্তর্জাতিক মহলে ভিন্ন বার্তা দিলেও বাস্তবে ইরানের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা নিয়েছে। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানকে বৈষম্যমূলক বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে মার্কিন-ইসরাইলি হামলার সমালোচনা করে অন্যান্য বক্তারাও যুদ্ধ বন্ধ ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান।

প্রতিবাদী এ কর্মসূচিতে ইরানে নিহত শিশুদের স্মরণে প্রতীকী কফিন, ছবি প্রদর্শনী ও স্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে যুদ্ধবিরোধী অবস্থান প্রকাশ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top